আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সারাদেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে নির্বাচনী দায়িত্ব পালনে মাঠে থাকবে বিজিবির সদস্যরা।
রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)-এর অধিনায়ক মেজর তিমির রঞ্জন মহান্ত (এএমসি) এক আনুষ্ঠানিক বক্তব্যে এ তথ্য জানান। এ সময় সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
মেজর তিমির রঞ্জন মহান্ত বলেন, একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচন কমিশন ও সরকারের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করবে। সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে বাহিনীটি।
তিনি বলেন, ভোটাররা যেন নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে বিজিবি।
নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ দমনে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে, যাতে নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের বিরূপ প্রভাব না পড়ে।
বিজিবি সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে। দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষার পাশাপাশি ৪৯৫টি উপজেলার মধ্যে ছয়টি উপজেলা ছাড়া বাকি ৪৮৯টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। সীমান্তবর্তী ৬১টি উপজেলায় এককভাবে দায়িত্বে থাকবে বাহিনীটি।
রুমা ও রোয়াংছড়ি উপজেলায় সাত প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে বলে জানান অধিনায়ক। এছাড়া ৩০০টি সংসদীয় আসনে ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। উপজেলা ভেদে দুই থেকে চার প্লাটুন সদস্য মোতায়েন থাকবে।
নিরাপত্তা জোরদারে কে–৯ ডগ স্কোয়াড, র্যাপিড অ্যাকশন টিম (RAT), হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (QRF) প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।
মেজর তিমির রঞ্জন মহান্ত আশা প্রকাশ করে বলেন, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ, অবাধ ও গ্রহণযোগ্য পরিবেশে সম্পন্ন হবে। সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালনে বিজিবি অঙ্গীকারবদ্ধ।
আজকালের খবর/ এমকে