বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, এবারের নির্বাচনে ভোট দুটি—একটি ধানের শীষ প্রতীকে, অপরটি গণভোটে হ্যাঁ ভোট। তিনি বলেন, “আমরা জুলাই আন্দোলন থেকে আন্দোলন-সংগ্রাম করে আসছি। আমাদের অনেক দাবি-দাওয়া রয়েছে। অবশ্যই আমরা হ্যাঁ ভোটে ভোট দেব, কারণ বাংলাদেশের শাসনব্যবস্থায় কিছুটা পরিবর্তন করা দরকার।”
রবিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তাঁর নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর–৩ সদর আসনের লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মজুপুর পাটোয়ারী বাড়িতে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ধানের শীষ প্রতীকের পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “আমরা যে ৩০০ জন সংসদ সদস্য নির্বাচিত হব, এরপর যে বিলটি পাস হবে তা উচ্চপর্যায়ে ভালো-মন্দ বিচার-বিশ্লেষণ করে অনুমোদন দেওয়া হবে। জনস্বার্থ ও নাগরিক উন্নয়নের জন্য দেশের প্রয়োজনে হ্যাঁ ভোট দেওয়া প্রয়োজন।”
১৯৭১ সালের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “যারা দেশের বিরুদ্ধে ছিল তারা এখন অপব্যাখ্যা ও অপপ্রচার চালাচ্ছে। তারা বেহেশতের টিকিট বিক্রির কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। বেহেশতের টিকিট আল্লাহর কাছে—কেউ তা বিক্রি করতে পারে না। ভোটের স্বার্থে মা-বোনদের ভুল বুঝিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। আপনারা এসব অপপ্রচার থেকে দূরে থাকবেন।”
এদিন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর পৌরসভার ১০ ও ১১ নম্বর ওয়ার্ডে দিনব্যাপী নির্বাচনী প্রচার-প্রচারণা চালান বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
আজকালের খবর/ এমকে