প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৫:১৭ পিএম (ভিজিট : )

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করায় মুন্না (১৮) নামে এক যুবক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয়েছে। আটককৃত যুবক আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা গ্রামের অটো চালক মো. শাহআলম মিয়ার ছেলে।
বুধবার ভোরে ঘটনাটি ঘটলেও রাতে বিষয়টি জানাজানি হয়।
আটক মুন্নার পরিবার জানায়, বুধবার ভোর থেকে মুন্নার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যেমে জানতে পারেন বিএসএফ মুন্নাকে ধরে নিয়ে গেছে। বিষয়টি তারা আগরতলায় থাকা আত্মীয়দের মাধ্যমে নিশ্চিত হন।
এ বিষয়ে ৬০ বিজিবি' র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জিয়াউর রহমান জানান, আটককৃত মুন্না একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে আখাউড়া থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। সম্প্রতি সে জেল থেকে ছাড়া পেয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। বুধবার ভোরে সে অবৈধভাবে আখাউড়ার বাউতলা সীমান্ত পয়েন্ট দিয়ে ভারতের ৩০০ গজ ভেতরে অনুপ্রবেশ করে। এ সময় বিএসএফ তাকে মাদকসহ আটক করে। এই প্রসঙ্গে বিএসএফের সাথে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে তাকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করে মুন্নাকে বিজিবির কাছে হস্তান্তর করা হবে।
আজকালের খবর/বিএস