রবিবার ৩১ মে ২০২৬
অকাল বৃষ্টিতে ধর্মপাশা-মধ্যনগরে ২৯৫ হেক্টর বোরো ধান তলিয়ে ক্ষতি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১:৫৮ পিএম   (ভিজিট : ৬০৪)
সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় টানা ভারী বৃষ্টিপাতে হাওরাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে প্রায় ২৯৫ হেক্টর জমির বোরো ধান পানিতে তলিয়ে গেছে। এতে কৃষকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

মার্চের মাঝামাঝি থেকে শুরু হয়ে ৩১ মার্চ পর্যন্ত চলমান ভারী বৃষ্টিপাতের কারণে দুই উপজেলার বিভিন্ন হাওরে পানি জমে রয়েছে। ফসল ঘরে তোলার আগ মুহূর্তে এমন অকাল বৃষ্টিতে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বোরো ধানই তাদের সারা বছরের প্রধান ভরসা হওয়ায় পরিস্থিতি নিয়ে শঙ্কা আরও বেড়েছে।

সরেজমিনে দেখা গেছে, অনেক হাওরে এখনও পানি জমে রয়েছে। কৃষকদের দাবি, কৃষি বিভাগের দেওয়া হিসাবের চেয়েও বাস্তবে ক্ষতির পরিমাণ বেশি।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ধর্মপাশা ও মধ্যনগরে মোট ৩১ হাজার ৯১০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। এর মধ্যে টগার হাওরে সর্বোচ্চ ৮০ হেক্টরসহ বিভিন্ন হাওর ও বিলে উল্লেখযোগ্য পরিমাণ জমির ধান পানিতে তলিয়ে গেছে।

মধ্যনগরের সাড়ারকোনা গ্রামের কৃষক আব্দুল জব্বার বলেন, “এ সময়ে এমন ভারী বৃষ্টি জীবনে দেখিনি। বৃষ্টির পানি আমাদের ফসলের কাল হয়ে দাঁড়িয়েছে। কৃষি বিভাগের হিসাবের চেয়েও বেশি ক্ষতি হয়েছে।”

ধর্মপাশার বেখইজুড়া গ্রামের কৃষক আবুল কালাম চৌধুরী বলেন, “আকাশের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর উপায় নেই। ৩০ কেয়ার জমির ধান পানির নিচে তলিয়ে গেছে। পানি না নামলে পুরো ফসল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।”

ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা আসয়াদ বিন খলিল রাহাত জানান, অকাল বৃষ্টিতে কিছু হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি দ্রুত নেমে গেলে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা কমে আসবে, তবে আবারও ভারী বৃষ্টি হলে ক্ষতির পরিমাণ বাড়তে পারে।

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় বলেন, হাওর এলাকার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। জলাবদ্ধতা নিরসনে কৃষি বিভাগ ও স্থানীয় প্রশাসন যৌথভাবে কাজ করছে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft