ভোলার মনপুরায় অবৈধভাবে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সার ও সিমেন্টসহ এক চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড ও পুলিশ। শনিবার (৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার উত্তর সাঁকুচিয়া লতাখালী ঘাট সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
রবিবার (৫ জুলাই) বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট মনপুরা ও স্থানীয় থানা পুলিশের একটি যৌথ দল লতাখালী ঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকায় অবস্থানরত একটি সন্দেহভাজন ফিশিং বোটে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বোটটি থেকে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৪৫০ বস্তা সিমেন্ট ও ৪ বস্তা ডিএপি (DAP) সার জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ ২৯ হাজার টাকা। একই সাথে চোরাচালানের কাজে ব্যবহৃত ফিশিং বোটটি জব্দসহ এর সাথে জড়িত একজন পাচারকারীকে আটক করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত সার, সিমেন্ট, ফিশিং বোট এবং আটককৃত চোরাকারবারিকে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য মনপুরা থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাচালান ও সীমান্ত অপরাধ রোধে কোস্ট গার্ডের এমন যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আজকালের খবর/কাওছার আল হাবীব