ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হাওরবেষ্টিত চাতলপাড় ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় ১৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে গ্রামীণ রাস্তার ইট সলিং, রিটেইনিং ওয়াল ও ড্রেন নির্মাণ কাজ।
রবিবার (৫ জুলাই) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রকল্পগুলোর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম. এ. হান্নান।
এ সময় উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরীন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান শাকিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আরিফুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ ইব্রাহিম ভূঁইয়া রেনু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে. এম. বসির উদ্দিন তুহিনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম. এ. হান্নান এমপি বলেন, “গ্রামীণ অবকাঠামো উন্নয়নই টেকসই উন্নয়নের মূল ভিত্তি। প্রত্যন্ত অঞ্চলের সড়কের উন্নয়ন হলে কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যসহ সব খাতেই ইতিবাচক পরিবর্তন আসে। বর্তমান সরকার জনবান্ধব, তাই মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ, কবরস্থান, হিন্দু সম্প্রদায়ের মন্দির ও শ্মশানঘাটের সংস্কারসহ সব ধরণের উন্নয়নমূলক কাজকে সমান অগ্রাধিকার দেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বাস করেন, তৃণমূল জনগোষ্ঠীর ভাগ্যের উন্নয়ন না হলে দেশের সামগ্রিক উন্নয়ন করা সম্ভব নয়। আর সে কারণেই সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
আজকালের খবর/কাওছার আল হাবীব