ঝালকাঠির নলছিটি উপজেলার পূর্ব রায়পুর বটতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে যাত্রীবাহী নাহিদ সুপার পরিবহনের একটি বাস। এ ঘটনায় বাসটির নিচে পানির মধ্যে চাপা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
রবিবার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল মেট্রো-১১-০০৭৩ নম্বরের নাহিদ সুপার পরিবহনের বাসটি পিরোজপুরের মঠবাড়িয়া থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়। পথে নলছিটি থানার পূর্ব রায়পুর বটতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসকে ওভারটেক করার সময় দুই বাসের মাঝখানে একটি আলফা (থ্রি-হুইলার) গাড়ি চলে আসে। আলফা গাড়িটিকে বাঁচাতে গিয়ে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটির নিচে পানির মধ্যে একটি হাত দেখতে পান। এতে একজন ব্যক্তি বাসের নিচে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। নলছিটি থানা পুলিশও ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে।
নলছিটি থানার এএসআই মোহাম্মদ শাহিন হাওলাদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযান পরিচালনা করছে। উদ্ধার অভিযান শেষে হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
আজকালের খবর/বিএস