কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে অভিযান চালিয়ে রাসেল নামের এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, তাজা গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃত যুবক সাবরাং ইউনিয়নের সিকদার পাড়া এলাকার বাসিন্দা আব্দুল গফুরের ছেলে মো. রাসেল (৩৫)
শনিবার (২৫ এপ্রিল) মধ্যরাতে সাবরাং ইউনিয়নের সিকদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে কোস্ট গার্ড তাকে আটক করে।
এ বিষয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকা থেকে একটি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি এবং তিনটি দেশীয় অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী রাসেলকে আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, রাসেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, মানবপাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। এছাড়া, সে এলাকায় অস্ত্র প্রদর্শনের মাধ্যমে ভয়ভীতি সৃষ্টি, চাঁদাবাজি এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে মানবপাচার, মাদক ও অস্ত্র সংশ্লিষ্ট মোট আটটি মামলা রয়েছে। এর আগে একাধিকবার টেকনাফ থানা পুলিশ তাকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছিল।
কোস্ট গার্ড আরও জানায়, জব্দকৃত অস্ত্র ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
আজকালের খবর/বিএস