বুধবার ২০ মে ২০২৬
ভোটের আগে টেকনাফে সাত প্লাটুন বিজিবি মোতায়েন
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৬ পিএম  আপডেট: ০১.০২.২০২৬ ৮:৫৫ পিএম  (ভিজিট : ৫৬৬)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টেকনাফের সীমান্ত এলাকা ও নাফ নদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপরতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে টেকনাফ পৌরসভার জেটি ঘাট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, সীমান্ত ও নাফ নদীতে টহল জোরদার সংক্রান্ত বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ন।

সংবাদ সম্মেলনে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া জানান, নির্বাচনকে কেন্দ্র করে সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সীমান্ত ও নাফ নদীতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পর্যবেক্ষণ ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, ড্রোন, বডি ক্যামেরা, নাইট ভিশন, থার্মাল ইমেজারসহ বিভিন্ন আধুনিক সরঞ্জাম এবং ডগ স্কোয়াডের সহায়তায় সব ধরনের অবৈধ তৎপরতা প্রতিরোধে বিজিবি সার্বক্ষণিক কাজ করবে। একই সঙ্গে অবৈধ অস্ত্র ও মাদক পাচার রোধে গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন, যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি এবং ভোটকেন্দ্রগুলোতে রেকি কার্যক্রম অব্যাহত থাকবে।

এছাড়াও যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বর্ডার গার্ড বাংলাদেশের র‌্যাপিড অ্যাকশন টিম (RAT) এবং হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (QRF) সর্বদা প্রস্তুত থাকবে বলে জানান তিনি।

শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং জনগণের নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচনকালজুড়ে বিজিবির এ তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।




আজকালের খবর/কাওছার









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft