ইসলামী ব্যাংক বাংলাদেশের আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ, আমানতের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট বিতর্কিত ব্যক্তিদের অপসারণের দাবিতে পটুয়াখালীর বাউফলে মানববন্ধন ও এক ঘণ্টার কলম বিরতি পালন করেছে সচেতন গ্রাহক ফোরাম। গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলার হাসপাতাল রোডস্থ ইসলামী ব্যাংক শাখার সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন শেষে উপস্থিত নেতারা এক ঘণ্টার কলম বিরতি ঘোষণা করেন।
কর্মসূচিতে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের গ্রাহক মুজাহিদুল ইসলাম, মোস্তফা শিবলী, মাওলানা আব্দুস সোবাহান, রাসেল মাহমুদ ও ফেরদৌসী বেগমসহ অনেকে।
বক্তারা বলেন, দীর্ঘদিনের পরিশ্রম, ত্যাগ ও গ্রাহকদের আস্থার ওপর ভিত্তি করে ইসলামী ব্যাংক শুধু দেশের নয়, দক্ষিণ এশিয়ার অন্যতম সফল ও লাভজনক ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু বিগত সরকারের আমলে এস আলম গ্রুপ এই ব্যাংকসহ একাধিক ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে ব্যাপক অনিয়ম ও লুটপাট চালিয়েছে, যার ফলে দেশের সামগ্রিক অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তারা আরও অভিযোগ করেন, এস আলমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাবেক বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর খোরশেদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে বসিয়ে পুনরায় ব্যাংকটিকে প্রভাবিত করার চেষ্টা চলছে। তাই অবিলম্বে বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করে একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ পরিচালনা কাঠামো গঠনের দাবি জানান তারা। নিজেদের কষ্টার্জিত আমানত রক্ষায় গ্রাহকদের স্বার্থবিরোধী যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে বক্তারা ব্যাংকের স্বাধীনতা, স্বচ্ছতা ও আস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
আজকালের খবর/কাওছার আল হাবীব