বগুড়ার নন্দীগ্রামে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে নন্দীগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বগুড়া জেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকার আর্থিক অনুদান দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার তহুরা আখতার, উপজেলা প্রকৌশলী নূর নবী খান, থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিমসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, সরকার দেশ ও দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষদের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে, যা আজ সুষমভাবে বিতরণ করা হলো। তিনি দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে সরকারের এই মানবিক কার্যক্রমের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং দেশের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
আজকালের খবর/কাওছার আল হাবীব