ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চেকপোস্ট ডিউটির সময় পুলিশ সদস্যদের বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশাকে এনা পরিবহনের একটি বাস ধাক্কা দিয়েছে। এতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
বুধবার (৩ জুন) দিবাগত রাত আনুমানিক পৌনে ৩টার দিকে কসবা উপজেলার কুটি চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন- উপ-পরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সিরাজুল মনির এবং কনস্টেবল এমদাদুল হকসহ মোট চারজন পুলিশ সদস্য।
পুলিশ সূত্রে জানা গেছে, কসবা উপজেলার কুটি চৌমুহনী এলাকায় ড্রাইভার ভিউ পেট্রোল পাম্পের সামনে সিলেট-কুমিল্লা মহাসড়কে রাত্রিকালীন চেকপোস্ট-৭ এ দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্যরা। এ সময় এনা পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে চেকপোস্টে থাকা সিএনজিচালিত অটোরিকশার বাম পাশের পেছনের অংশে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা পুলিশ সদস্যরা আহত হন।
স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। ঘটনার পরপরই দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করে কসবা থানায় নেওয়া হয়েছে। তবে বাসের চালক, সুপারভাইজার ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।
এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনিন সুলতানা জানান, আহত পুলিশ সদস্যদের অবস্থা বর্তমানে কিছুটা উন্নতির দিকে রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আজকালের খবর/বিএস