কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের ২৫ হাজার পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) দুপুরে উপজেলার সাবরাং সংলগ্ন নাফ নদী এলাকায় এই অভিযান চালানো হয়। বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক নাফ নদীর সাবরাং সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় একটি সন্দেহভাজন ইঞ্জিনচালিত নৌকা দেখতে পেয়ে কোস্ট গার্ড সদস্যরা সেটিকে থামানোর সংকেত দেন। পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে আটক করা হয়। মাদক পাচারের কাজে ব্যবহৃত ইঞ্জিনচালিত নৌকাটিও জব্দ করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত ইয়াবা ও নৌকাসহ আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, তরুণ সমাজ ও দেশকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে কোস্ট গার্ডের এমন মাদকবিরোধী কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আজকালের খবর/কাওছার আল হাবীব