বৃহস্পতিবার ৪ জুন ২০২৬
সীমান্তে ২৮ জনকে পুশ-ইন করল বিএসএফ, বিজিবির সতর্কতা
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৫:২১ পিএম   (ভিজিট : ৯)
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এই ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় ব্যাপক সতর্কতা জারি করে টহল ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বর্তমানে পুশ-ইনকৃত ব্যক্তিরা সীমান্তের শূন্য লাইনে অবস্থান করছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (৪ জুন) ভোর আনুমানিক ৩টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীনস্থ বাঙ্গাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে। সীমান্তের আন্তর্জাতিক পিলার ২০৩/৬-আর দিয়ে ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ২৮ জন ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশের দিকে ঠেলে দেয় (পুশ-ইন)। ভুক্তভোগীদের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ জন শিশু রয়েছে। সংবাদ পাওয়ার পরপরই বাঙ্গাবাড়ি বিওপির একটি বিশেষ টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিদের ভারতীয় সীমান্তের শূন্য লাইনের অভ্যন্তরে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে।

এদিকে, পরিস্থিতি মোকাবিলায় বিএসএফ সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করে বিভিন্ন পোস্টে অবস্থান নিয়েছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক সীমান্ত আইন ও প্রচলিত নিয়ম অনুসরণ করে পুশ-ইনকৃত ব্যক্তিদের ভারতে ফেরত পাঠানোর (পুশব্যাক) প্রক্রিয়া ও চেষ্টা চালানো হচ্ছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজিবির সার্বিক নজরদারি ও কৌশলগত অবস্থান জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft