কুড়িগ্রামের উলিপুর পৌর শহরের দীর্ঘদিনের তীব্র যানজট, প্রতিনিয়ত ঘটে চলা সড়ক দুর্ঘটনা এবং চরম জনদুর্ভোগ নিরসনে হেলিপ্যাড থেকে আমিনমোড় পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন, র্যালি ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উলিপুর বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে গুনাইগাছ মোড় থেকে একটি বিশাল র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের মসজিদুল হুদার সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে র্যালিটি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আরিফের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
তরুণ সমাজসেবক রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আব্দুল হালিম, রেজওয়ানুল ইসলাম, হামিদুল ইসলাম, খায়রুজ্জামান ও আব্দুল ওয়াদুদ। এ সময় স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, চিলমারী নৌবন্দর, রমনা রেলস্টেশন, তিস্তা সেতু এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সেতুকে কেন্দ্র করে উলিপুর বর্তমানে উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ও বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছে। প্রতিদিন শত শত পণ্যবাহী ট্রাক, ট্রলি ও ভারী যানবাহন পৌর শহরের সরু ও অপরিকল্পিত ভেতরের সড়ক দিয়ে চলাচল করায় প্রধান সড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। যানজটের কারণে রোগীবাহী অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের জরুরি যানবাহনগুলো সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় জননিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়ছে।
বক্তারা আরও উল্লেখ করেন, হেলিপ্যাড থেকে আমিনমোড় পর্যন্ত প্রস্তাবিত বাইপাস সড়কটি নির্মাণ করা হলে ভারী যানবাহনগুলো শহরের বাইরে দিয়ে চলাচল করতে পারবে। এর ফলে পৌর শহরের যানজট ও দুর্ঘটনা উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে এবং উলিপুরের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। সমাবেশ থেকে উলিপুর বাইপাস সড়ক নির্মাণ প্রকল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ, নকশা প্রণয়ন ও বিশেষ বাজেট বরাদ্দ নিশ্চিত করে দ্রুত কাজ শুরুর আহ্বান জানানো হয়।
স্মারকলিপির অনুলিপি ইতিমধ্যে স্থানীয় সংসদ সদস্য, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রেরণ করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বাইপাস সড়কটি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে সরকার উলিপুর পৌর শহরকে একটি নিরাপদ ও আধুনিক শহরে রূপান্তর করবে।
আজকালের খবর/কাওছার আল হাবীব