লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় একটি সবজি ক্ষেত থেকে মোস্তাফিজুর রহমান (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৬ মে) সকালে উপজেলার ইছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শ্রীরামপুর রাজবাড়ির সামনের একটি মাঠ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মোস্তাফিজুর রহমান স্থানীয় রাজবাড়ির বাচ্ছু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে মোস্তাফিজ নিজের ঘর থেকে বের হন। পরে সকালে এলাকাবাসী সবজি ক্ষেতের পাশে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোস্তাফিজের মৃত্যু হয়েছে। উদ্ধারের সময় মৃতদেহের শরীরে বিদ্যুতের তার পেঁচানো অবস্থায় পাওয়া গেছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজকালের খবর/কাওছার আল হাবীব