বুধবার ৬ মে ২০২৬
কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, আহত ১
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৭:৩৮ পিএম   (ভিজিট : ২)
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া গ্রামে ধান মাড়াই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শামীম হোসেন (১৯) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় বাবু নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার (০৬ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম হোসেন উপজেলার বেথুলী গ্রামের আরিফুল ইসলামের ছেলে। আহত বাবু বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শ্যালোইঞ্জিন চালিত একটি ট্রলিগাড়িতে করে এক কৃষকের ধান নিয়ে আসা হয়। ধানগুলো মাড়াই মেশিনের পাশে নামানোর সময় অসাবধানতাবশত একটি ভারী ধানের বোঝা সচল মাড়াই মেশিনের বৈদ্যুতিক সংযোগের ওপর গিয়ে পড়ে। এতে ট্রলিতে থাকা শামীম ও বাবু মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোহেল রানা জানান, শামীমকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। অন্যদিকে আহত বাবুর অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।" নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft