ব্রাহ্মণবাড়িয়ায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মো. আবু সাঈদ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, জেলার সার্বিক উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং জনসেবার মানোন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসনের কার্যক্রমকে গতিশীল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, জনগণের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে সাংবাদিকদের আন্তরিকতা প্রশাসনের কাজকে আরও কার্যকর করে তোলে।
সভায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বীজনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ফরহালুল ইসলাম পারভেজের পরিচালনায় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন কুমার দে, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, সাবেক সভাপতি মোঃ আরজু, সাবেক সাধারণ সম্পাদক সাদেকুল ইসলামসহ সিনিয়র সাংবাদিকবৃন্দ। এসময় জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামোগত উন্নয়নসহ নানা বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। তারা তথ্যপ্রাপ্তি সহজীকরণ, মাঠপর্যায়ে কাজের স্বচ্ছতা এবং গণমাধ্যমবান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় জেলা প্রশাসক সাংবাদিকদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন এবং নিয়মিত এমন মতবিনিময় সভার আয়োজনের কথাও জানান।
আজকালের খবর/বিএস