বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সদর দপ্তরে অগ্নিকাণ্ড ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি জোরদারের লক্ষ্যে এক আকস্মিক ‘ফায়ার অ্যালার্ম ড্রিল’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের নির্দেশে এ মহড়ার আয়োজন করা হয়।
ঘটনাপ্রবাহে দেখা যায়, সদর দপ্তরের নিরাপত্তা ব্যবস্থা ও অগ্নিনির্বাপণ সক্ষমতা বাস্তবসম্মতভাবে যাচাইয়ের উদ্দেশ্যে হঠাৎ করেই ফায়ার অ্যালার্ম বাজানোর নির্দেশ দেওয়া হয়। অ্যালার্ম বাজানোর সঙ্গে সঙ্গে ভবনে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত নির্ধারিত ‘অ্যাসেম্বলি পয়েন্ট’-এ অবস্থান নেন, যা মহড়ার সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মহড়ায় অংশগ্রহণকারীদের আগুনের বিভিন্ন প্রকারভেদ এবং প্রতিটি প্রকার অনুযায়ী উপযুক্ত অগ্নিনির্বাপক (এক্সটিংগুইশার) ব্যবহারের প্রয়োজনীয় বিধি-বিধান সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা হয়।
মহড়া শেষে সন্তোষ প্রকাশ করে সিএএবি চেয়ারম্যান বলেন, যেকোনো জরুরি পরিস্থিতিতে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত প্রশিক্ষণ, মহড়া ও সচেতনতার কোনো বিকল্প নেই। আজকের এই আকস্মিক ড্রিলের মাধ্যমে আমাদের কর্মকর্তা-কর্মচারীদের প্রস্তুতি ও দক্ষতা কার্যকরভাবে যাচাই করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মহড়া নিয়মিতভাবে আয়োজন করা হবে, যাতে জরুরি পরিস্থিতিতে সবাই আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারে।
আজকালের খবর/বিএস