প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৬:০২ পিএম (ভিজিট : )

ব্রাহ্মণবাড়িয়ায় দুটি কাপড়ের দোকানকে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সোমবার (৯ মার্চ) অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করেন। অভিযানে দুটি কাপড়ের দোকানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে র্যাবের একটি দল উপস্থিত ছিলো।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, পৌর এলাকার সড়ক বাজার ও নিউমার্কেটের পাইকারি ও খুচরা কাপড়ের দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দেখা যায়, কাপড়ের পাইকার ও খুচরা দোকানগুলোতে বিদেশি কাপড় বিক্রয়ের সময় এর প্রমাণক দেখাতে পারেনি। ক্রয়ের প্রমাণক না থাকার কারণে কাপড়ের ক্রয় মূল্য, বৈধ পথে এসেছে কিনা, সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়েছে কিনা, নকল পণ্য কিনা তা নিয়ে সংশয় থাকে।
এছাড়া দেশি পণ্য বিদেশি পণ্য হিসেবে বিক্রয় করার সুযোগ রয়েছে। এসব অভিযোগে শাড়ি বিচিত্রাকে ১লাখ টাকা ও বি. বাড়িয়া ক্লথ স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রতিষ্ঠানগুলোকে পণ্যের সঠিক ঘোষণা প্রদান, সঠিক সোর্সিং সংরক্ষণ, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ, অস্বাভাবিক মুনাফা অর্জন না করা, ধার্য্যকৃত মূল্যের চাইতে অধিক মূল্য না নেওয়ার বিষয়ে নির্দেশনা প্রদান করার পাশাপাশি সতর্ক করা হয়।
আজকালের খবর/আরএম