প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৫:১৩ পিএম (ভিজিট : )

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সময় তাজউদ্দিন নামের এক যুবক নিহতের ঘটনায় করা হত্যা মামলার তদন্তে প্রয়োজনীয় তথ্য না দেওয়ার অভিযোগে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমের বিরুদ্ধে মামলা করার অনুমতি চেয়েছেন আদালত।
রোববার সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি অনুমতি নেওয়ার নির্দেশ দেন। মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৫ এপ্রিল।
আদালত–সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ আঞ্চলিক মহাসড়কে আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন তাজউদ্দিন। এ ঘটনায় তাঁর স্ত্রী রুলী বেগম একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তভার দেওয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)।
তদন্তের স্বার্থে ঘটনার দিন ওই এলাকায় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাম এবং কার নির্দেশে গুলি চালানো হয়েছিল—এসব বিষয়ে তথ্য চেয়ে জেলা প্রশাসনের কাছে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। একই সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর কাছেও ওই দিনের দায়িত্বরত সদস্যদের তালিকা চাওয়া হয়।
সূত্র জানায়, আদালতের নির্দেশ অনুযায়ী বিজিবি প্রয়োজনীয় তথ্য ও সদস্যদের তালিকা সরবরাহ করলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। বারবার সময় দেওয়ার পরও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম তদন্ত কর্মকর্তাকে চাওয়া তথ্য দেননি বলে অভিযোগ রয়েছে। এতে মামলার তদন্ত কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়।
এ অবস্থায় গত ৮ ফেব্রুয়ারি আদালত ডিসিকে ১৫ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো জবাব দেননি। পরে ২৩ ফেব্রুয়ারি ও ১ মার্চ ধার্য তারিখেও তিনি আদালতে কোনো ব্যাখ্যা দেননি।
এর পরিপ্রেক্ষিতে আদালত তাঁর বিরুদ্ধে মামলা করার উদ্যোগ নেন। তবে সরকারি কর্মচারী হওয়ায় তাঁর বিরুদ্ধে মামলা করতে সরকারের অনুমতি প্রয়োজন। তাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে প্রয়োজনীয় অনুমতি গ্রহণ করে আদালতকে অবহিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে সিলেটের ডেপুটি কমিশনার (ডিসি) মো. সারোয়ার আলমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি।
কাওছার আল হাবীব/আজকালের খবর