কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৮.৮ কেজি ভারতীয় গাঁজা, ১৯ বোতল ভারতীয় মদ, বিপুল পরিমাণ ডেক্সামেথাসন ও সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদক ও চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ২১ লাখ ৬ হাজার ৫৭৫ টাকা।
বিজিবি আরও জানিয়েছে, উদ্ধারকৃত মালামালসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং এই ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আজকালের খবর/কাওছার আল হাবীব