ঝালকাঠি শহরের ফুটপাত দখলমুক্ত রাখতে জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে এক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের কলেজ মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে ফুটপাত দখল করে গড়ে তোলা প্রায় ১৫ থেকে ২০টি অবৈধ স্থাপনা ও ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হয়।
অভিযানে জেলা প্রশাসনের পক্ষে নেতৃত্ব দেন সহকারী কমিশনার এস এম সাইফুল ইসলাম ও এস এম আশরাফুল ইসলাম। পৌরসভার পক্ষে বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী মো. নাজমুল হাসানসহ আনসার সদস্য এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেন।
অভিযান চলাকালে ফুটপাতে অবৈধভাবে ব্যবসা পরিচালনাকারীদের সতর্ক করা হয় এবং পুনরায় ফুটপাত দখল না করার কঠোর নির্দেশনা দেওয়া হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং শহরের সৌন্দর্য বৃদ্ধি করাই এই অভিযানের মূল উদ্দেশ্য। কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে রাখায় পথচারীদের চলাচলে চরম বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। জনস্বার্থে শহরের ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
আজকালের খবর/কাওছার আল হাবীব