বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে সোশ্যাল প্রগ্রেস এন্ড ডেভলপমেন্ট সোসাইটি (এসপিডিএস)-এর উদ্যোগে ঠাকুরগাঁওয়ে প্রায় ২০০টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আয়োজিত এই চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রফিকুল হক। চারা বিতরণ শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। পরে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসপিডিএস-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সারমীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর রহমান, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তামিম হাসান, ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোজাম্মেল হক, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু এবং সহ-সাধারণ সম্পাদক নবীন হাসানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এসপিডিএস চলতি বছর ৫ হাজার গাছের চারা রোপণ ও বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে নিজস্ব অর্থায়নে ১ হাজার ৫০০টি চারা বিতরণ ও রোপণ করা হয়েছে। পরিবেশ সংরক্ষণে এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আজকালের খবর/কাওছার আল হাবীব