ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে “খালা” পরিচয়ে শিশু শ্রেণির এক ছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার কুন্ডা ইউনিয়নের তুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। অপহরণের শিকার ৫ বছর বয়সী শিশু জান্নাত আক্তার তুল্লাপাড়া গ্রামের আব্দুল বাছিরের মেয়ে। আটককৃত সুমাইয়া আক্তারের বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে শিশু জান্নাত ক্লাসে থাকা অবস্থায় সুমাইয়া আক্তার বিদ্যালয়ে প্রবেশ করে নিজেকে তার “খালা” পরিচয় দিয়ে সঙ্গে করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় শিক্ষকদের সন্দেহ হলে তারা তাৎক্ষণিক জান্নাতের মাকে খবর দেন। পরে জান্নাতের মা স্কুলে এসে ওই তরুণী তার বোন বা আত্মীয় নন বলে জানালে স্থানীয়রা সুমাইয়াকে আটকে রেখে পুলিশে খবর দেয়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম বলেন, "শিশু অপহরণ চেষ্টার ঘটনায় এক তরুণীকে আটক করা হয়েছে এবং সে বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। স্কুল কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শিশুটি বর্তমানে তার পরিবারের কাছে নিরাপদেই আছে।"
আজকালের খবর/কাওছার আল হাবীব