কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে পৃথক তিনটি অভিযানে প্রায় ২৬ লাখ ৪৭ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক ও অন্যান্য চোরাচালানী মালামাল উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে মোট ২৬ লাখ ৪৭ হাজার ৭৫ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী পণ্য জব্দ করা হয়।
সোমবার (২৯ জুন) বিকেল কাজিপুর বিওপির টহল দল কাজিপুর বর্ডারপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে মালিকবিহীন অবস্থায় ফেলে রাখা ১১৪ কেজি বাংলাদেশি ভেষজ (অশ্বগন্ধা শিকড়) উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৫ লাখ ৭০ হাজার টাকা।
একই দিন রাত প্রায় ১০টা ২০ মিনিটে জামালপুর বিওপির জয়পুর মাঠপাড়া এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৮ বোতল ভারতীয় মদ, ৯০০ গ্রাম গাঁজা, ১৯ বোতল স্কাফ সিরাপ, ১ হাজার পিস ভায়াগ্রা ট্যাবলেট, ২ হাজার ৮০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১ হাজার ৮৫০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য ১৭ লাখ ৪৭ হাজার ৭৫০ টাকা।
এছাড়া মঙ্গলবার (৩০ জুন) ভোর রাতে ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ১৯ বোতল ভারতীয় মদ, ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১৫ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লাখ ২৯ হাজার ৩২৫ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি দিন-রাত নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
আজকালের খবর/রাশেদুল মিলন