সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৮০ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।
মঙ্গলবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা ও সিলেট বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত সারা দেশে নিশ্চিত হামে মোট ৯৩ জনের মৃত্যু হয়েছে।
এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৪ জন নিশ্চিত হামে শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৮৬৬ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত মোট ১ লাখ ১ হাজার ৭৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১১ হাজার ৯৬৫ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৮৪ হাজার ৬২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৮০ হাজার ৯৭৪ জন ছাড়পত্র পেয়েছেন।
আজকালের খবর/বিএস