পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহিন খসরুকে নিয়ে ঘুষ গ্রহণের মিথ্যা অপবাদ ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে ‘উপজেলা অফিসার্স ক্লাব’-এর আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে উপস্থিত কর্মকর্তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একটি সুষ্ঠু দাপ্তরিক কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ইউএনও’র মতো একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার এই অপচেষ্টার পেছনে জড়িতদের দ্রুত তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার দাবি তোলা হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন— উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম, উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী খান, প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার নবীউল কারিম সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী এবং হিসাবরক্ষণ কর্মকর্তা মুক্তার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
সমাবেশে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক বলেন, "একজন সৎ কর্মকর্তার বিরুদ্ধে এমন মিথ্যা ও সাজানো অপবাদ দিয়ে মান-সম্মান ক্ষুণ্ন করার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিচার চাই।"
মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী বলেন, "উর্মি নামের এক নারী কে বা কাহাদের প্ররোচনায় ও ষড়যন্ত্রে লিপ্ত হয়ে সুপরিকল্পিতভাবে ইউএনও স্যারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মিথ্যা অপবাদ ছড়িয়েছেন। এ ধরনের ঘটনা আমাদের আতঙ্কিত করেছে। আমরা কর্মস্থলে সঠিক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে জনগণের সহযোগিতা চাই।"
১নং তিরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সমাবেশে সংহতি প্রকাশ করে বলেন, "উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে বিগত দুই বছর ধরে নানামুখী কাজ করেছি, তাঁর মাঝে কখনো কোনো অনৈতিক কিছু দেখিনি। অথচ একজন ভারসাম্যহীন ও ভবঘুরে নারী কীভাবে ১ লাখ ৮০ হাজার টাকা ঘুষ দেওয়ার মনগড়া দাবি তুলছেন? আমার জানামতে, ওই নারী তাঁর ছেলের জন্য উপজেলা পরিষদে কোনো দরখাস্তই করেননি। বিষয়টি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।"
প্রতিবাদ সমাবেশ থেকে উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী একাত্মতা ঘোষণা করে জানান, সুষ্ঠু ও নিরাপদ কর্মপরিবেশ না থাকলে জনসেবা ব্যাহত হতে পারে। তাই অবিলম্বে এই ষড়যন্ত্রের পেছনের কুশীলবদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আজকালের খবর/কাওছার আল হাবীব