বৃহস্পতিবার ২১ মে ২০২৬
কোটালীপাড়ার ৪২ মণ ওজনের ‘কালা পাহাড়’ দেখতে ভিড়
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৫:৫৮ পিএম   (ভিজিট : ৪)
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় পশুর বাজারে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশাল আকৃতির এক গরু—‘কালা পাহাড়’। 

উপজেলার কুশলা ইউনিয়নের টুপুরিয়া গ্রামের এই গরুটিকে এক নজর দেখতে প্রতিদিনই ভিড় করছেন আশপাশের বিভিন্ন এলাকার উৎসুক মানুষ। ব্যতিক্রমী গড়ন, বিশাল দেহ আর শান্ত স্বভাবের কারণে ইতোমধ্যেই এলাকাজুড়ে ব্যাপক পরিচিতি পেয়েছে গরুটি। গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের পাশেই টুপুরিয়া গ্রামে নিজ বাড়িতে প্রায় পাঁচ বছর ধরে গরুটিকে লালন-পালন করছেন গ্রাম্য পশু চিকিৎসক মনিরুজ্জামান মৃধা। 

ছোট্ট বাছুর অবস্থায় কেনা গরুটি এখন প্রায় ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতা এবং ১০ ফুট দৈর্ঘ্যের বিশাল আকৃতির এক দৃষ্টিনন্দন প্রাণীতে পরিণত হয়েছে। খামারির দাবি, হলস্টেইন ফ্রিজিয়ান জাতের এই গরুটির ওজন প্রায় ৪২ মণ। সাদা-কালো রঙের এই গরুর নাম রাখা হয়েছে ‘দক্ষিণ বঙ্গের কালা পাহাড়’। 

স্থানীয়দের অনেকে এটিকে দক্ষিণাঞ্চলের অন্যতম বড় গরু বলেও উল্লেখ করছেন। খামারি মনিরুজ্জামান মৃধা জানান, পাঁচ বছর আগে নড়াইলের পহরডাঙ্গা হাট থেকে ছোট অবস্থায় গরুটি সংগ্রহ করেন তিনি। এরপর থেকে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে বাড়িতেই গরুটিকে বড় করে তোলেন। গমের ভুসি, চালের গুঁড়া, খড়, সয়ামিলের ভুসি ও ভুট্টার পাউডারের পাশাপাশি আপেল, মাল্টা ও কমলাও রয়েছে গরুটির খাদ্য তালিকায়। 

প্রতিদিন খাবার ও পরিচর্যায় প্রায় এক হাজার টাকা ব্যয় হয় জানিয়ে তিনি বলেন, “গত বছরের মতো এবারও কোরবানির ঈদকে সামনে রেখে গরুটি বিক্রির প্রস্তুতি নিয়েছি। ন্যায্য মূল্য পেলেই ‘কালা পাহাড়’ বিক্রি করব।” 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঈদ সামনে রেখে গরুটির শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন মনিরুজ্জামান ও তার পরিবারের সদস্যরা। 

প্রতিবেশী মানিক শেখ বলেন, “এই গরুটি আমাদের এলাকার গর্ব। নিজের সন্তানের মতো করেই বড় করেছে মনিরুজ্জামান ও তার পরিবার। আশা করছি, কোরবানির ঈদে গরুটির ভালো দাম পাওয়া যাবে।”

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিরাজ হোসেন বলেন, “জেলায় বড় আকারের ফ্রিজিয়ান জাতের গরু উৎপাদনে খামারিরা এখন আগ্রহী হচ্ছেন। ‘কালা পাহাড়’ তারই একটি উদাহরণ। উন্নত প্রজনন ও সঠিক পরিচর্যার মাধ্যমে এ ধরনের গরু উৎপাদন সম্ভব হচ্ছে।” 

তিনি আরও বলেন, প্রাণিসম্পদ খাত বর্তমানে একটি সম্ভাবনাময় খাত, যা গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ ধরনের বড় উদ্যোগ নতুন খামারিদেরও উৎসাহিত করছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft