ফরিদপুর জেলা কারাগার পরিদর্শন করেছেন কারা উপ-মহাপরিদর্শক মোহাম্মদ আখতার হাসিব দেওয়ান।
গতকাল বৃহস্পতিবার তিনি জেলা কারাগার পরিদর্শনে এসে কারাগারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও কার্যক্রম ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি কারা হাসপাতাল, বন্দিদের রন্ধনশালা, সেল এলাকা, হাজতী এলাকা, মহিলা ওয়ার্ড, উৎপাদন শাখাসহ কারাগারের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি বন্দিদের স্বাস্থ্যসেবা, খাদ্যের মান, আবাসন ব্যবস্থা এবং সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
কারা উপ-মহাপরিদর্শক বন্দিদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার বিষয়ে মতামত শোনেন। বিশেষ করে বন্দিদের স্বাস্থ্যসেবা ও খাবারের গুণগত মান নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।
এছাড়া কারাগারের উৎপাদন শাখায় বন্দিদের তৈরি বিভিন্ন পণ্য পরিদর্শন করে তিনি সন্তোষ প্রকাশ করেন। বন্দিদের উৎপাদনমুখী কর্মকাণ্ডে আরও আগ্রহী হতে উৎসাহ প্রদান করেন এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মনির্ভরশীল হয়ে ওঠার পরামর্শ দেন। পরিদর্শন শেষে কারাগারের সার্বিক কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন কারা উপ-মহাপরিদর্শক।
এ সময় কারাগারের বিভিন্ন প্রশাসনিক ও উন্নয়নমূলক বিষয় নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। জেলা কারাগারের জেল সুপার শওকত হোসেন মিয়া উপস্থিত থেকে কারাগারের বর্তমান পরিস্থিতি, বন্দিদের কল্যাণমূলক কার্যক্রম এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি কারাগারের উন্নয়ন ও বন্দিদের মানবিক পরিবেশ নিশ্চিত করতে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও অবহিত করেন।
কারা কর্তৃপক্ষ জানায়, বন্দিদের মানবিক অধিকার রক্ষা, নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ এবং সংশোধনমূলক কার্যক্রম আরও জোরদার করতে নিয়মিত তদারকি ও পরিদর্শন কার্যক্রম অব্যাহত রয়েছে।
আজকালের খবর/কাওছার আল হাবীব