ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় অতিরিক্ত পাথর বোঝাই একটি ট্রাক পার হওয়ার সময় পুরোনো একটি গার্ডার ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে। এতে উপজেলার চেঁচরিরামপুর ইউনিয়নসহ অন্তত ১০টি গ্রামের সঙ্গে উপজেলা সদরের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
গত শুক্রবার গভীর রাতে উপজেলার বান্দাঘটা-কৈখালী-ভাণ্ডারিয়া সড়কের জোড়াপুল বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ব্রিজটি ভেঙে যাওয়ায় এই সড়ক দিয়ে চলাচলকারী হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা থেকে আনুমানিক ১০ টন পাথর নিয়ে একটি ট্রাক কাঁঠালিয়ার ষাটকুড়া এলাকার দিকে যাচ্ছিল।
পথিমধ্যে জোড়াপুল বাজার সংলগ্ন দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ থাকা পুরোনো গার্ডার ব্রিজটি অতিক্রম করার সময় অতিরিক্ত ওজনের কারণে সেটি হুড়মুড় করে ভেঙে পড়ে। দুর্ঘটনার তীব্রতায় ট্রাকটির পেছনের দুটি চাকা কাঠামো থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা ভ্যাকু (এক্সকাভেটর) দিয়ে ট্রাকটিকে টেনে তুললেও সড়কটি দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
শনিবার দুপুরে সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মজিবুর রহমান ক্ষতিগ্রস্ত ব্রিজটি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, জনদুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে সড়ক যোগাযোগ স্বাভাবিক করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আজকালের খবর/কাওছার আল হাবীব