রাজবাড়ীর গোয়ালন্দে পেঁয়াজ ও রসুনের বাজারে প্রচলিত ‘ধলতা’ বা ওজনে অতিরিক্ত পণ্য কেটে নেওয়ার অবৈধ প্রথা বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার দুপুরে গোয়ালন্দ বাজারের আড়তপট্টি এলাকায় ব্যবসায়ীদের সচেতন ও সতর্ক করতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস। বাজারে কৃষকদের কাছ থেকে ওজনে অতিরিক্ত পণ্য কেটে নেওয়ার অভিযোগ পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা প্রদান করেন।
অভিযানকালে জানানো হয়, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগী ‘শুকনা’ বা ‘ধলতা’র অজুহাতে প্রতি ৪০ কেজিতে ২ থেকে ৬ কেজি পর্যন্ত অতিরিক্ত পণ্য কৃষকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে। এটি ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ। ব্যবসায়ীদের উদ্দেশে ইউএনও সাথী দাস বলেন, “আগে প্রতি মণে কয়েক কেজি ধলতা নেওয়া হতো, কিন্তু সরকারি নির্দেশনা অনুযায়ী এখন থেকে তা সম্পূর্ণ নিষিদ্ধ।
আজ শুধু সতর্ক করা হচ্ছে; ভবিষ্যতে নিয়ম অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।” দ্রুতই কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত সভা করা হবে বলেও জানান তিনি।
আজকালের খবর/কাওছার আল হাবীব