বুধবার ১৩ মে ২০২৬
ইতালি যাওয়ার স্বপ্ন ভেঙে নিভে গেল রাজৈরের তসির ফকিরের জীবন
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ২:২৬ পিএম   (ভিজিট : ৯)
উন্নত জীবনের আশায় ইতালি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মাদারীপুরের রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামের বাসিন্দা তসির ফকির (৩৫)। পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নতি ও সন্তানদের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখতেন তিনি। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। অবৈধ পথে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার চেষ্টায় দালালের খপ্পরে পড়ে শেষ পর্যন্ত প্রাণ হারাতে হলো তাকে। তার মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

মঙ্গলবার সন্ধ্যায় দালালের মাধ্যমে তসিরের মৃত্যুর সংবাদ পান তার স্ত্রী ইসমত আরা বেগম। বুধবার দুপুরে তসিরের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইতালি যাওয়ার চেষ্টা করছিলেন তসির ফকির। এ সুযোগে পাশের পূর্ব স্বরমঙ্গল গ্রামের কথিত দালাল রফিক বাঘা তাকে লিবিয়া হয়ে ইতালি পাঠানোর প্রলোভন দেখায়। পরিবারের সদস্যদের অভিযোগ, দালাল বিভিন্ন সময়ে প্রায় ৪৫ লাখ টাকা হাতিয়ে নেয়। এই টাকা জোগাড় করতে ভিটেমাটি বিক্রি ও ধারদেনা করতে হয়েছে পরিবারকে।

নিহতের স্ত্রী ইসমত আরা জানান, লিবিয়ায় একটি বন্দিশালায় আটক রেখে তার স্বামীর ওপর নির্যাতন চালানো হয়। অসুস্থ হয়ে পড়লে পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তসির ফকিরের।

তিনি অভিযোগ করে বলেন, “আমার স্বামীকে ইতালি নেওয়ার কথা বলে দালাল রফিক লিবিয়ায় আটকে রেখে মারধর করেছে। ধাপে ধাপে ৪৫ লাখ টাকা নিয়েছে। সবকিছু বিক্রি করেও স্বামীকে বাঁচাতে পারলাম না। আমি এই হত্যার বিচার চাই। একই সঙ্গে সরকারের কাছে আমার স্বামীর মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানাই।”

তসির ফকির স্থানীয়ভাবে চায়ের দোকান চালিয়ে পরিবার পরিচালনা করতেন। তার পরিবারে স্ত্রী ও তিন কন্যাসন্তান—নাসরিমা, সুমাইয়া ও ইরাফাত রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, রাজৈর ও আশপাশের এলাকায় এখন অসংখ্য দালাল সক্রিয় রয়েছে। তারা বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে। অনেকেই স্বপ্নের দেশে পৌঁছাতে না পেরে লাশ হয়ে ফিরছেন দেশে।

এ বিষয়ে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুল হক বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার চাইলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft