সোমবার ৪ মে ২০২৬
তেঁতুলিয়ায় ইউপি সদস্যের বাড়ি থেকে চোরাই গরু উদ্ধার, আটক ১
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৮:৫৭ পিএম   (ভিজিট : ২)
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বাড়ি থেকে চুরি হওয়া গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউপি সদস্যের ছোট ভাই কুখ্যাত গরু চোর হিসেবে পরিচিত আনারুল হককে (৩৫) আটক করা হয়েছে। 

সোমবার উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সরকারপাড়া গ্রামে ইউপি সদস্য আইবুল হকের বাড়িতে অভিযান চালিয়ে এই গরু উদ্ধার করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল দিবাগত রাতে শালবাহান ইউনিয়নের বালাবাড়ি গ্রামের ঢাকা প্রবাসী আজিমুল হকের বাড়ির গোয়াল ঘরের তালা ভেঙে ১১টি গরুর মধ্যে দুটি মূল্যবান গাভী চুরি হয়। পরদিন ভোরে কেয়ারটেকার গোয়াল ঘরের তালা ভাঙা ও গরু চুরির বিষয়টি টের পান। এ ঘটনায় গরুর মালিক আজিমুল হক তেঁতুলিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং বিভিন্ন স্থানে খোঁজখবর শুরু করেন। 

গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ সোমবার সকালে বুড়াবুড়ি ইউনিয়নের সরকারপাড়া এলাকার ইউপি সদস্য আইবুল হকের বাড়িতে অভিযান চালায়। অভিযানে ইউপি সদস্যের বাড়ি থেকে চুরি হওয়া গরু দুটি উদ্ধার করা হয়। এসময় চুরির সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে ইউপি সদস্যের ছোট ভাই আনারুলকে আটক করে পুলিশ। 

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "খবর পাওয়ার পরপরই আমি নিজে ঘটনাস্থলে গিয়ে চোরাই গরু দুটি উদ্ধার করি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আনারুলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে গরু চুরির সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে।" 

এদিকে জননিরাপত্তা রক্ষাকারী একজন জনপ্রতিনিধির বাড়িতে চোরাই গরু পাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, এই চোর চক্রের সাথে আর কে কে জড়িত রয়েছে তা খতিয়ে দেখে যেন কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়।

আজকালের খবর/কাওছার







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft