রাজবাড়ীর গোয়ালন্দে ২০ কেজি গাঁজাসহ মাদক চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
শনিবার (০১ মে) দুপুরে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন- মো. নূর মোহাম্মদ হাওলাদার (২৫)। তার বাড়ি রাঙ্গামাটি জেলার নানিয়ারচর থানার ইসলামপুর গ্রামে। তার বাবার নাম আ. রব হাওলাদার। কুমিল্লা জেলার চান্দিনা থানার অলিপুর গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে মোঃ লিটন (২৭) এবং তার স্ত্রী মরিয়ম বেগম (২৫)।
র্যাব-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল শুক্রবার দিবাগত রাতে গোয়ালন্দ উপজেলার বরকত সরদার পাড়া এলাকায় দৌলতদিয়া-রাজবাড়ী মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসায়। এসময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং একই সঙ্গে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার বাজার মূল্য প্রায় ৬ লক্ষ টাকা।
র্যাব-১০ আরও জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরা জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেপ্তারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আজকালের খবর/বিএস