তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর আইসিপি চেকপোস্টে ২৪ হাজার বৈদেশিক মুদ্রাসহ (ইউএস ডলার) পলাশ চন্দ্র মাঝি নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে এনএসআই-এর গোপন সংবাদের ভিত্তিতে ওই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত পলাশ চন্দ্র মাঝি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলী জেলার খানাকুল থানার বাসিন্দা।
বিজিবি ও বন্দর সূত্রে জানা যায়, ওই ভারতীয় নাগরিক বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে বাংলাবান্ধা স্থলবন্দর আইসিপি চেকপোস্টে আসেন। এ সময় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর দেওয়া তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা তাকে তল্লাশি করেন। তল্লাশিকালে তার কাছ থেকে আনুমানিক ২৪ হাজার ৬০০ ইউএস ডলার উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি জানায়, আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অবৈধভাবে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বহনের দায়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আজকোলের খবর /রাশেদুল মিলন