কক্সবাজারের টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া ৭নং ওয়ার্ড বিএনপির একটি অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কার্যালয়টির আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ নথিপত্র।
রবিবার (৫ এপ্রিল) ভোররাতে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া বার্মিজ মার্কেট সংলগ্ন ৭নং ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। যদিও এখনও জানা যায়নি কিভাবে আগুনের সূত্রপাত।
তবে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, দলীয় কর্মকাণ্ড ব্যহত করতে বিরোধী দলের নেতাকর্মীরা পরিকল্পিতভবে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। পাশাপাশি তাদের দাবি ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে বলে জানান।
এদিকে টেকনাফ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, দীর্ঘদিন ধরে ওই এলাকার কিছু দুষ্কৃতিকারী হুমকি দমকি দিয়ে আসছিল। তার ধারণা উক্ত দুষ্কৃতিকারীরা বিএনপি কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে।
তিনি আরও জানান, ইতিমধ্যে কিছু অপরাধীদের চিহ্নিত করা হয়েছে তবে তদন্ত পূর্বক এ ঘটনার সাথে জড়িত সবাইকে দ্রুত আইনের আনার দাবি জানান।
অন্যদিকে টেকনাফ পৌর যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আইনশৃংখলা বাহিনীর সহায়তায় এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাশাপাশি তিনি আরও বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের আরো বাড়তি নজরদারী রয়েছে।
আজকালের খবর/বিএস