মঙ্গলবার ১৯ মে ২০২৬
ডিমলায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৭:৩৫ পিএম   (ভিজিট : ২)
নীলফামারীর ডিমলা উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা সপ্তাহ ও ভূমি সেবা মেলা-২০২৬’। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস কার্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ মেলার কার্যক্রম শুরু হয়।

এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”।

ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার-ডিমলা আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, ডিমলা থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্রনাথ রায়, আনসার ও ভিডিপি কর্মকর্তা ফারুক হোসেন, অধ্যাপক রাসুল আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কাশেম, আরিফুল ইসলাম লিটন, গোলাম রাব্বানী প্রধান ও রকুনুজ্জামান বকুলসহ বিভিন্ন ইউনিয়নের উপ-ভূমি কর্মকর্তারা।

এছাড়াও অনুষ্ঠানে রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সুধীজন ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় বক্তারা ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা চালুর ফলে জনগণ দ্রুত ও ঝামেলামুক্তভাবে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং দুর্নীতি ও হয়রানি অনেকাংশে কমে আসবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মেলায় অনলাইনে নামজারি আবেদন, ভূমি উন্নয়ন কর প্রদান, ই-পর্চা সংগ্রহ, নামজারি ও খারিজসহ বিভিন্ন ডিজিটাল ভূমিসেবা প্রদান করা হচ্ছে। এছাড়া ভূমি সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, তিন দিনব্যাপী এ মেলার মাধ্যমে সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত নানা সমস্যা ও জটিলতা সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি সহজ, দ্রুত ও স্বচ্ছ সরকারি সেবা গ্রহণের সুযোগ পাবেন।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft