মঙ্গলবার ১৯ মে ২০২৬
বদলগাছীতে শিক্ষিকার মৃত্যুর খবরে ছাত্রীর মৃত্যু
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৭:২৬ পিএম   (ভিজিট : ০)
নওগাঁর বদলগাছী উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষিকার মৃত্যুরে খবরে হাসপাতালে তাকে দেখতে গিয়ে স্ট্রোক করে মারা যান এক ছাত্রী ।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার চাকরাইল বটতলি মোড় এলাকায় ধান মাড়াই মেশিনের(বঙ্গা) সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান শিক্ষিকা কুলসুম আক্তার(৪৮)। এ সময় মমতাজ বেগম (৫৫) নামে আরও একজন শিক্ষিকা  গুরুতর আহত হন। 

ফেসবুকে প্রিয় শিক্ষিকার এই অস্বাভাবিক মৃত্যুর খবর শুনে শিক্ষার্থী তাসনিম আরা (১৪) কান্না করতে করতে ছুটে যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কান্নারত অবস্থায় হঠাৎ তাসনিম জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং পরে হাসপাতালে ইমারজেন্সি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুটি করুণ মৃত্যুতে এলাকাজুড়ে চলছে শোকের মাতম।

নিহত শিক্ষিকা উম্মে কুলসুম (৪৮) বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং বদলগাছী সদর দর্গাপাড়া এলাকার বাসিন্দা। আর নিহত শিক্ষার্থীর নাম তাসনিম আরা (১৪) একই বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী এবং সদর উপজেলার ডাঙ্গিসারা গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবুল কালাম চৌধুরীর মেয়ে। 

দুর্ঘটনায় আহত অপর শিক্ষিকা মমতাজ বেগম (৫৫), যিনি সদর উপজেলার গোড়শাহী গ্রামের বাসিন্দা, অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বর্তমানে নওগাঁ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুর ১২টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশা করে উপজেলার গোড়শাহী এলাকা থেকে উম্মে কুলসুম ও মমতাজ বেগম এসএসসি বোর্ড পরীক্ষার খাতা সংগ্রহের জন্য রাজশাহীর উদ্দেশে রওনা হন। অটোরিকশাটি বদলগাছী-নজিপুর সড়কের চাকরাইল বটতলী মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ধান মাড়াই মেশিনের (বঙ্গা) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শিক্ষিকা কুলসুম মারা যান। এসময় গুরুতর আহত হন তার সহকর্মী মমতাজ জাহান। স্থানীয়রা আহত মমতাজ জাহানকে উদ্ধার করে দ্রুত বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে তাকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।

শিক্ষার্থী তাসনিমের বাবা আবুল কালাম চৌধুরী বলেন, আমার মেয়েটি ফেসবুকে তার প্রিয় শিক্ষক কুলসুম ম্যাডামের মৃত্যুর খবর দেখে তাকে হাসপাতালে দেখতে যায় এবং সেও মারা যায় হাসপাতলেই। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শামিন ইয়াসার জানান, শিক্ষিকা উম্মে কুলসুম হাসপাতালে আনার আগেই মারা যান। আর শিক্ষার্থী তাসনিম তীব্র মানসিক ধাক্কায় হৃদরোগ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করেছে। একই সঙ্গে শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ধাক্কা সামলাতে না পেরে এক স্কুলছাত্রীর মৃত্যুর খবরও তারা পেয়েছেন। এই জোড়া মৃত্যুর ঘটনায় থানায় মামলাসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইশরাত জাহান ছনি বলেন, শিক্ষিকা ও ছাত্রীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। সড়কে ধান-খড় শুকানো বন্ধে জনসচেতনতা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft