মঙ্গলবার ১৯ মে ২০২৬
বিশেষ চাহিদাসম্পন্ন মানুষকে মূলধারায় আনতে সরকার বদ্ধপরিকর: সমাজকল্যাণ মন্ত্রী
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৭:০৫ পিএম   (ভিজিট : ০)
সিলেট নগরীতে আয়োজিত ‘স্পেশাল অ্যাবিলিটি সামিট-২০২৬’-এ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ সমাজের বোঝা নন; বরং যথাযথ শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের সুযোগ পেলে তারাও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।

মঙ্গলবার (১৯ মে) নগরীর আমান উল্লাহ কনভেনশন সেন্টারে হিউম্যান কেয়ার সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ সামিটে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী বলেন, বাংলাদেশে বিপুলসংখ্যক মানুষ বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতার সঙ্গে বসবাস করছেন। তাদের শিক্ষা, চিকিৎসা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করে মূলধারায় সম্পৃক্ত করতে সরকার নিরলসভাবে কাজ করছে।

তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, অনেক পরিবার বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে থাকেন। আমি যখন থাকব না, তখন আমার সন্তানকে কে দেখবে?- এমন প্রশ্ন অনেক অভিভাবকের মনে কাজ করে। এ উদ্বেগ দূর করতে সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ঘরে ঘরে সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে।

মন্ত্রী জানান, দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র স্থাপন করা হয়েছে। পাশাপাশি সুসজ্জিত মোবাইল ভ্যানের মাধ্যমে থেরাপি ও পুনর্বাসন সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলায় এ সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের জন্য সরকার বিশেষায়িত বিদ্যালয় ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তুলতে চায়। তবে শুধু অবকাঠামো নির্মাণ করলেই হবে না, প্রয়োজন মমত্ববোধ, ধৈর্য ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত জনবল।

তরুণদের উদ্দেশে তিনি আহ্বান জানিয়ে বলেন, মানবিক দায়িত্ববোধ নিয়ে যারা এ খাতে কাজ করতে আগ্রহী, তাদের এগিয়ে আসতে হবে। কারণ বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের মূলধারায় সম্পৃক্ত না করে একটি সত্যিকার অর্থে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠন সম্ভব নয়।

হিউম্যান কেয়ারের উদ্যোগের প্রশংসা করে মন্ত্রী বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের কল্যাণে পরিচালিত কার্যক্রমে প্রয়োজন হলে সরকার কারিগরি, আর্থিক ও আইনগত সহায়তা প্রদান করবে। একই সঙ্গে তিনি সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের এ জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট ৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক ডা. রাগীব আলী, হিউম্যান কেয়ারের উপদেষ্টা শামা হক চৌধুরী ও সায়মা সুলতানা চৌধুরী লিনা প্রমুখ।

আজাকলের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft