সোমবার ২০ এপ্রিল ২০২৬
ময়লার বিল ১০০ টাকার বেশি নিলেই ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১০:৫১ এএম   (ভিজিট : ৭৭২)
বাসা থেকে ময়লা সংগ্রহের জন্য নির্ধারিত ১০০ টাকার বেশি বিল আদায় করলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

বুধবার বিকেলে লালবাগের শহিদনগর শ্মশানঘাট এলাকায় মশক নিধনে বিশেষ পরিচ্ছন্নতা ও ‘ক্রাশ প্রোগ্রাম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ।

সম্প্রতি মশার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় ডিএসসিসির উদ্যোগে মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ক্রাশ প্রোগ্রামের অংশ হিসেবে ২৪ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালিত হয়। বিকেল ৩টা থেকে শুরু হওয়া এ কার্যক্রমে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য বিভাগের প্রায় ২০০ কর্মী অংশ নেন। তারা খাল, ড্রেন, নর্দমা ও ফুটপাত পরিষ্কারের পাশাপাশি মশার ওষুধ প্রয়োগ করেন। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে একটি জনসচেতনতামূলক র‍্যালিও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রশাসক আবদুস সালাম বলেন, “বাসা থেকে ময়লা সংগ্রহের বিল নির্ধারিত ১০০ টাকার বেশি কেউ দাবি করলে সিটি কর্পোরেশনকে জানান। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ঠিকাদারের চুক্তি বাতিল করা হবে।”

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডিএসসিসির কবরস্থানে লাশ দাফন ও শ্মশানে লাশ দাহের নিবন্ধন ফি ১০০০ টাকা থেকে কমিয়ে ৫০০ টাকা করা হয়েছে।

ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, “ঢাকা শহর বাংলাদেশের মুখ। বিদেশ থেকে কেউ এলে ঢাকা দেখেই দেশের অবস্থা বোঝা যায়। তাই ‘ক্লিন ঢাকা, গ্রীন ঢাকা’ কর্মসূচি বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।”

পুরান ঢাকাকে আদি ঢাকা উল্লেখ করে তিনি বলেন, দক্ষিণ সিটির মধ্যে পুরান ঢাকাকে সবচেয়ে উন্নত এলাকায় পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করছে ডিএসসিসি। এখানে নিয়মিত বর্জ্য অপসারণ, পর্যাপ্ত সড়কবাতি এবং মশা নিয়ন্ত্রণ নিশ্চিত করা হবে।

এ সময় তিনি দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত বিএনপি নেতাকর্মীদের পুনর্বাসনের বিষয়েও উদ্যোগ নেওয়ার কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌসসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২০
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নিহত
পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাচ্ছে না ইরান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিয়ের দাবিতে কোটালীপাড়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
রেলওয়ের পূর্বাঞ্চলের এস আর ভি স্টেশনে পরিত্যক্ত জমি অবৈধভাবে দখল: রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার
অবশেষে জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft