শনিবার ১৮ এপ্রিল ২০২৬
মিরপুরে কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডে শুক্রবার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৭:৪৮ পিএম   (ভিজিট : ৩২৭)
সফরকারী নিউজিন্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল শুক্রবার মেহেদী মিরাজের নেতৃত্বে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু হবে বেলা ১১টায়। 

টম ল্যাথামের নেতৃত্বে কিউইদের যে দলটি এবার বাংলাদেশে এসেছে, ঘরের মাঠে সেই দলটিকে সহজেই হারানো উচিত বাংলাদেশের। সফরকারী  দলের ২/৩ জন ক্রিকেটার ছাড়া সে অর্থে তারকা ক্রিকেটারদের অধিকাংশই বর্তমান কিউই ওয়ানডে দলে নেই। সর্বশেষ নিউজিল্যান্ড ওয়ানডে স্কোয়াডে যারা ১৫ জনের মধ্যে ছিলেন, বর্তমান দলের কেউই সেখানে ছিলেন না।
পরিসংখ্যান জানাচ্ছে, নিউজিল্যান্ডকে দেশের মাটিতে পরপর দুবার ‘বাংলাওয়াশ’-করার কৃতিত্ব আছে টিম বাংলাদেশের।  সেটা  নামসর্বস্ব জাতীয় দল নয়; পূনাঙ্গ কিউই ওয়ানডে স্কোয়াডের বিপক্ষে তিন বছরের ব্যবধানে সব ম্যাচ জয়ের রেকর্ড আছে বাংলাদেশের।

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টাইগারদের ট্র্যাক রেকর্ড বরাবরই ভালো। ওয়ানডেতে কোনো বড় দলের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচ সিরিজের ৪টিতে জয়ের প্রথম কৃতিত্বটি নিউজিল্যান্ডের বিপক্ষেই। ২০১০ সালের অক্টোবরে ড্যানিয়েল ভেট্টোরির নেতৃত্বে পাচ ম্যাচের সিরিজ খেলতে আসা কিউইদের ৪-০ ব্যবধানে হারিয়ে ‘বাংলাওয়াশ’ করেছিল সাকিব আল হাসানের বাংলাদেশ। সিরিজের এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

এর তিন বছর পর, ২০১৩ সালের অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে আরো একবার কিউইদের এক সিরিজের সব ম্যাচে হারিয়ে আবার হোয়াইটওয়াশ করে টাইগাররা। মুশফিকুর রহিমের অধিনায়কত্বে তিন ম্যাচ সিরিজের সব কটিতেই জয়ী হয় বাংলাদেশ।

তারপর ২০২৩ সালে আবার বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসে নিউজিল্যান্ড। এরপর ২০২৩ সালে প্রথমে বাংলাদেশে ও পরে নিজেদের মাটিতে ২-১-এ সিরিজ জিতে নেয় নিউজিল্যান্ড। সবশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে শেরে বাংলায় প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হলেও পরের দুই ম্যাচ যথাক্রমে ৮৬ রান ও ৭ উইকেটে জেতে নিউজিল্যান্ড।

এরপর বাংলাদেশে আর ওয়ানডে খেলতে আসেনি কিউইরা। এবার এসেছে- তাও নামমাত্র জাতীয় দল নিয়ে। যে দলটি বাংলাদেশে এসেছে, সেই দলে ইশ সোধি আর টম ল্যাথামের মতো নামী তারকা থাকলেও এ মুহূর্তে নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াডের প্রথম ১৫ জনের কেউ নেই  দলে। 

আগের ১৫ জনের প্রায় ৭-৮ জন খেলছেন ভারতের মাটিতে আইপিএলে। বাকি ৬-৭ জন খেলছেন পাকিস্তানের পিএসএলে। কাজেই বাংলাদেশে খেলতে আসা দলটি কিউইদের সেরা দল নয়। বর্তমান দলের অধিনায়ক টম ল্যাথাম অবশ্য আগেও বাংলাদেশে খেলেছেন। এর বাইরে আরো তিনজন ক্রিকেটারের কিউই ‘এ’ দলের হয়ে বাংলাদেশ সফরের অভিজ্ঞতা আছে। সব মিলিয়ে কিউই দলটির বিপক্ষে মেহেদী হাসান মিরাজের বাংলাদেশ দলটি তুলনামূলক বেশি অভিজ্ঞ। এমন দলের বিপক্ষে জেতাটা মোটেই কঠিন হওয়ার কথা নয়। টাইগারদের জেতার সম্ভাবনাই বেশি। যদিও বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স মোটেই মানতে চান না যে নিউজিল্যান্ডের এই দলটি দুর্বল। কিউইদের মোটেই হালকাভাবে না নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

তবে একটা বিষয় আছে। তা হলো, ধারণা করা হচ্ছে- গত মাসে পাকিস্তানের সঙ্গে তুলনামূলক হার্ড উইকেটে খেলা বাংলাদেশ এবার নিউজিল্যান্ডের বিপক্ষেও একই কন্ডিশন ও একই ফরমেশন-কম্বিনেশনে খেলার প্রস্তুতি নিয়েছে। এখন দেখার বিষয় হলো, তুলনামূলক বাড়তি গতি ও উচ্চতার স্পোর্টিং পিচে মিরাজের দল কেমন খেলে?

পাকিস্তানের সঙ্গে যে টিম পারফরম্যান্স ছিল, তার চেয়ে ভালো কিছু হলে তো কথাই নেই। সেই পারফরম্যান্সটাও দেখাতে পারলেও টাইগারদের সিরিজ জেতার সম্ভাবনাই বেশি।  আইপিএল ও পিএসএলে ব্যস্ত থাকা ১২-১৪ ক্রিকেটার ছাড়া টম ল্যাথামের নেতৃত্বে তারুণ্যনির্ভর কিউই দলটি শেরে বাংলার উইকেটে মিরাজ বাহিনীর সঙ্গে কতটা কুলিয়ে উঠতে পারে- সেটাই এখন দেখার।

গতকাল বৃহস্পতিবার অনুশীলন শুরুর আগে  উইকেট দেখছেন নিউ জিল্যান্ডের কয়েকজন ক্রিকেটার। শেষ দিকে দলবেঁধে উইকেট পর্যবেক্ষণ করলেন তারা লম্বা সময় ধরে। হয়তো কিছুটা অবাকও হলেন তারা। মিরপুর  স্টেডিয়ামে এমন উইকেট নিশ্চয়ই আশা করেননি তারা!

আগের কালচে উইকেট উধাও। বরং উইকেটে সবুজ ঘাসের ছোঁয়া। মিরপুরের চেয়ে বরং ওয়েলিংটন, ক্রাইস্টচার্চ, ডানেডিনের উইকেট হিসেবেই চালিয়ে দেওয়া যায় । বাংলাদেশের ক্রিকেট অনুসারীদের জন্য এটি বিস্ময়কর নয়। সবশেষ সিরিজে পাকিস্তানের বিপক্ষেও এ রকম উইকেটে খেলেই সিরিজ জিতেছে বাংলাদেশ। এবার প্রতিপক্ষ যখন নিউজিল্যান্ড, কৌতূহল ছিল যে ভিন্ন কিছু হবে কিনা। তবে তেমন কিছু হয়নি। উইকেট আছে আগের সিরিজের রূপেই।

বাংলাদেশের কোচ ফিল সিমন্স অবশ্য সংবাদ সম্মেলনে বলেছিলেন, এবারো একইরকম উইকেটের আশা করছেন তারা। ম্যাচের আগের দিন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কণ্ঠেও সেই কথারই প্রতিধ্বনি। নিউ জিল্যান্ডের বিপক্ষে স্পিন সহায়ক উইকেটের পথে না হেঁটে স্পোর্টিং উইকেটে খেলার চ্যালেঞ্জ নিচ্ছেন তারা।

“পাকিস্তান সিরিজে আমরা খুব ভালো উইকেটে খেলেছি এবং আমরা চেষ্টা করব এবারের সিরিজটাও ভালো উইকেটে খেলার জন্য। পুরো ব্যাপারটাই আসলে পারফরম্যান্সের ওপর। পাকিস্তান সিরিজে দ্বিতীয় ম্যাচে কিন্তু আমরা দ্রুত অলআউট হয়ে গেছি (১১৪ রানে), উইকেট ‘ট্রু’ ছিল। প্রথম ম্যাচে পাকিস্তান ১১৪ রানে অল আউট হয়ে গেছে, কিন্তু ‘ট্রু’ উইকেটই ছিল।
ক্রিকেটাররা যদি সবাই পারফর্ম করতে পারে, উইকেটে অনেক সময় ম্যানেজ করে খেলতে হয়। কাজেই আমার কাছে মনে হয়, এটা অনেক গুরুত্বপূর্ণ মানসিকতার ওপর এবং কে কীভাবে অনুশীলন করছে, সেটার ওপর।

দেশ ছাড়ার আগে টম ল্যাথাম বলে এসেছেন, বাংলাদেশের স্পিন চ্যালেঞ্জ সামলানোর প্রস্তুতি নিয়েই তারা আসছেন। উইকেট দেখার পর নিউ জিল্যান্ড অধিনায়কের স্বস্তিই পাওয়ার কথা। তবে অভিজ্ঞতা থেকেই তিনি জানেন, এখানে স্পিনারদের ভূমিকা কিছুটা হলেও থাকবে। উইকেটে তাকিয়ে মনে হচ্ছে, বেশ ভালো উইকেট এটি। তবে আমরা এটাও জানি, এই কন্ডিশনে স্পিনের ভূমিকা সবসময়ই থাকে। বাংলাদেশ এই মুহূর্তে দারুণ ক্রিকেট খেলছে এবং আমাদেরকে প্রবলভাবেই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।

উইকেটের চেয়েও ল্যাথামকে বেশি ভাবাচ্ছে অবশ্য আবহাওয়া। প্রচ- গরমে কঠিন পরীক্ষাই দিতে হবে তাদেরকে। এটা নিয়ে মজাও করলেন নিউ জিল্যান্ড অধিনায়ক। অবশ্যই এখানে গরম অনেক বেশি এবং নিউজিল্যান্ডের চেয়ে এখানকার কন্ডিশন অনেক ভিন্ন। এর সঙ্গে যথাসম্ভব মানিয়ে নেওয়ার জন্য আমরা যতটা সম্ভব সতেজ ও প্রস্তুত থাকার চেষ্টা করছি। আমাদের সমস্ত প্রাণশক্তি ১০০ ওভারের জন্য নিবদ্ধ থাকবে। স্বাভাবিকের চেয়ে কয়েকটি বেশি পানি পানের বিরতিও নিতে হতে পারে!

আজকালের খবর/বিএস 










Advertisement
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় কূটনৈতিকভাবে লাভবান পাকিস্তান
মোহাম্মদপুরে আসাদুল হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ ৪ জন গ্রেপ্তার
ফ্রাঙ্কফুর্টে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মিরপুরে কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডে শুক্রবার
চীন সফরে মেগাস্টার উজ্জল, জানালেন স্বপ্নের কথা
জ্বালানি সংকটে কুমিল্লা অচল: ৮১টির মধ্যে ৪৯ ফিলিং স্টেশন বন্ধ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft