বুধবার ২০ মে ২০২৬
টেকনাফ উপকূলে এক জালে ৬ হাজার কেজি লাল কোরাল, বিক্রি ৩৫ লাখ টাকা
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৬ এএম   (ভিজিট : ৪৪৭)
সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ৬ হাজার কেজি ওজনের সামুদ্রিক লাল কোরাল মাছ। এক জালে বিপুল পরিমাণ এই মাছ ধরা পড়ায় জেলে ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে মাছ বোঝাই ট্রলার কায়ুকখালী ফিশারি ঘাটে পৌঁছায়। একশত ত্রিশ মনের এই মাছগুলো প্রায় ৩৫ লাখ টাকায় স্থানীয় মাছ ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়।

মাঝিমাল্লা সূত্রে জানা যায়, টেকনাফ সদর কেরনতলী এলাকার মিজানের মালিকানাধীন একটি ট্রলার ও একটি নৌকা নিয়ে ২১ জন মাঝিমাল্লা গত ২৩ ফেব্রুয়ারি সকালে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যান। পরদিন ২৪ ফেব্রুয়ারি দুপুরে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে জেলেরা বড় একটি মাছের ঝাঁক দেখতে পান। পরে চারদিক থেকে জাল ফেললে কয়েক ঘণ্টার মধ্যেই বিপুল পরিমাণ মাছ ধরা পড়ে।

জেলেদের তথ্যমতে, ধরা পড়া মাছের সংখ্যা প্রায় এক হাজারের বেশি এবং প্রতিটি মাছের ওজন আনুমানিক ৫ থেকে ৭ কেজি। সব মিলিয়ে মোট ওজন দাঁড়ায় প্রায় দেড়শ মণ বা প্রায় ৬ হাজার কেজি।

ফিশারি ঘাটে পৌঁছানোর পর স্থানীয় মাছ ব্যবসায়ী মো. রশিদ প্রতি মণ ২৬ হাজার টাকা দরে মাছগুলো কিনে নেন। এতে মোট বিক্রয়মূল্য দাঁড়ায় প্রায় ৩৫ লাখ টাকা।

মাছ ব্যবসায়ী মো. রশিদ বলেন, দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করলেও এক জালে এত লাল কোরাল মাছ ধরা পড়া সত্যিই বিরল ঘটনা। মাছগুলো বরফ দিয়ে সংরক্ষণ করে গাড়িযোগে যাত্রাবাড়ী মাছের আড়ত, কারওয়ান বাজার ও আব্দুল্লাহপুর কাঁচা মাছের আড়তে পাঠানো হচ্ছে।

স্থানীয় জেলেরা জানান, মৌসুমের শেষ দিকে এ ধরনের বড় ঝাঁক ধরা পড়া বিরল হলেও এটি তাদের জন্য বড় অর্থনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত।

এ বিষয়ে টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা উমুল ফারা বেগম তাজকিরা জানান, লাল কোরাল সুস্বাদু ও পুষ্টিগুণে সমৃদ্ধ একটি মাছ। এটি ভেটকি প্রজাতিভুক্ত Lates calcarifer এবং সর্বোচ্চ প্রায় ৯ কেজি পর্যন্ত হতে পারে। এতে প্রোটিন, ভিটামিন বি–১২, ভিটামিন ডি ও ওমেগা–৩ থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft