বুধবার ২০ মে ২০২৬
টেকনাফে আর খুন-গুম-অপহরণ বরদাশত করা হবে না: শাহজাহান চৌধুরী
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৭ পিএম   (ভিজিট : ৫২৯)
কক্সবাজারের উখিয়া-টেকনাফ চার আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহজাহান চৌধুরী বলেছেন, টেকনাফে আর কোনো খুন, গুম কিংবা অপহরণ বরদাশত করা হবে না। তিনি একটি দুর্নীতিমুক্ত ও অধিকারভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। 

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে টেকনাফ বাস স্টেশনে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। শাহজাহান চৌধুরী বলেন, স্থানীয় মানুষের দীর্ঘদিনের আইনি ভোগান্তি কমাতে টেকনাফে পুনরায় আদালত ফিরিয়ে আনা হবে। যাতে সাধারণ মানুষকে ন্যায়বিচারের জন্য দূরে ছুটতে না হয়, সে ব্যবস্থা নিশ্চিত করা হবে। 

তিনি আরও বলেন, বৈধ ব্যবসার সুযোগ সবার জন্য উন্মুক্ত করা হবে এবং সবাইকে ব্যবসার আওতায় নিয়ে এসে একটি মাদকমুক্ত মডেল টেকনাফ গড়ে তোলা হবে। পাশাপাশি শিক্ষার প্রসারে টেকনাফে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি। পর্যটন উন্নয়নের বিষয়ে তিনি বলেন, সেন্টমার্টিন দ্বীপ নিয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ করেই সেখানে আধুনিক মানের হোটেল-মোটেল নির্মাণ করা হবে, যাতে এলাকাটি আরও পর্যটনবান্ধব হয়ে ওঠে।

বিগত সরকারের সমালোচনা করে শাহজাহান চৌধুরী বলেন, টেকনাফের প্রকৃত উন্নয়ন শুধু বিএনপি আমলেই হয়েছে। গত ১৭ বছরে বর্তমান সরকার কেবল ‘রং দিয়ে সাজানোর কাজ’ করেছে, কিন্তু জনগণের মৌলিক অধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে বলে জানান। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান। দুর্নীতিমুক্ত দেশ গঠন এবং মানুষের হারানো অধিকার ফিরিয়ে দিতে ধানের শীষের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাসান ছিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শাহাদত হোসেন ও পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আবদুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মো. আবদুল্লাহ, টেকনাফ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরওয়ার কামাল চৌধুরী, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক মেম্বার, জেলা বিএনপির সদস্য সোলতান আহমেদ বিএ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী, জেলা যুবদলের সহ-সভাপতি জাহেদ মাহমুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. কাইয়ুম, সদর চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।



কাওছার/আজকালের খবর









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft