বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নীলফামারী জেলার ডালিয়া তিস্তা ব্যারেজ সংলগ্ন হেলিপ্যাড মাঠে উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ নির্বাচনী মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এতে সভাপতিত্ব করবেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা আমীর মাওলানা আব্দুল সাত্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল হালিম। এছাড়াও বক্তব্য রাখবেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ও সাবেক নীলফামারী জেলা আমীর মুহাম্মদ আব্দুর রশিদ, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ার ইসলাম রাজু, নীলফামারী জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
দলীয় সূত্রে জানা গেছে, দেশব্যাপী চলমান রাজনৈতিক অস্থিরতা, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং গণতান্ত্রিক অধিকার হরণের প্রতিবাদে এই মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব বৃদ্ধি ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও উত্থাপন করা হবে।
মহাসমাবেশে রংপুর বিভাগসহ নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর ও পঞ্চগড় জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। আয়োজকদের ধারণা, এতে লক্ষাধিক মানুষের সমাগম ঘটতে পারে।
আয়োজক কমিটি জানিয়েছে, মহাসমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক টিম গঠনসহ নিরাপত্তা, যানবাহন পার্কিং, চিকিৎসা সেবা ও সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে মহাসমাবেশকে কেন্দ্র করে ডালিয়া ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভোর থেকেই বিভিন্ন উপজেলা ও জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছেন।
আজকালের খবর/ এমকে