বুধবার ১৫ জুলাই ২০২৬
ডিমলায় জেলা প্রশাসকের বিদ্যালয় পরিদর্শন, প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৮:১৫ পিএম   (ভিজিট : ৮)
নীলফামারীর ডিমলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান দিনব্যাপী বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, সমাজকল্যাণমূলক কর্মসূচিতে অংশগ্রহণ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার ও সহায়ক উপকরণ বিতরণ করেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলার বিভিন্ন স্থানে আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে তিনি শিক্ষা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন এবং সমাজের সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

সকালে জেলা প্রশাসক উপজেলার আমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুটিপাড়া বাগান এলাকা এবং ডিমলা আদর্শ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি বিদ্যালয়গুলোর শ্রেণিকক্ষ ঘুরে দেখেন, শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদান কার্যক্রম, অবকাঠামোগত সুবিধা, পরিচ্ছন্নতা এবং সামগ্রিক শিক্ষার পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে তিনি শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষার গুণগত মান আরও উন্নত করতে আন্তরিকতা, দায়িত্বশীলতা ও নিয়মিত তদারকির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের সুশিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলার চর্চা নিশ্চিত করার আহ্বান জানান।

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে জাতীয় সমাজকল্যাণ পরিষদের আর্থিক সহায়তার চেক, সেলাই মেশিন এবং প্রতিবন্ধী ও প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার ও বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, বর্তমান সরকার সমাজের অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বহুমুখী সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এসব সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিয়ে তাদের আত্মনির্ভরশীল ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সরকারি বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান। 

সভাপতির বক্তব্যে তিনি বলেন, উপজেলা প্রশাসন সবসময় সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় ও প্রতিবন্ধী মানুষের কল্যাণে কাজ করছে। সরকারি সহায়তা যেন প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছায়, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করছে। তিনি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, জেলা বিএনপির উপদেষ্টা রইসূল আলম চৌধুরী, উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সুধীজন এবং উপকারভোগীরা।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft