বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা-২০২৬ শতভাগ নকলমুক্ত, স্বচ্ছ, সুশৃঙ্খল ও প্রযুক্তিনির্ভর পরিবেশে আয়োজনের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরীক্ষার্থীদের পরিচয় নিশ্চিত করতে কিউআর কোডসংবলিত ছবিযুক্ত প্রবেশপত্র, কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) এবং শিক্ষাসেবা সহজ করতে ‘মাইবাউবি’ অ্যাপ চালুর ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে অনলাইনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, যে কোনো মূল্যে নকলমুক্ত, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে হবে। এ লক্ষ্যে কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ দায়িত্বশীলতা, সততা ও শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি অনুসরণের নির্দেশ দেন তিনি।
উপাচার্য বলেন, কিউআর কোডের মাধ্যমে পরীক্ষার্থীর পরিচয় দ্রুত যাচাই করা হবে, যা পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করবে। এছাড়া পরীক্ষা শেষে হাজিরা শিট ও উত্তরপত্রে কোনো অসঙ্গতি পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। উত্তরপত্র বণ্টন, সংরক্ষণ ও মূল্যায়নেও গোপনীয়তা, নিরপেক্ষতা এবং নির্ধারিত সময়সীমা কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় আরও জানানো হয়, পরীক্ষা ব্যবস্থাপনাকে আধুনিক ও কার্যকর করতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ গঠন এবং শিক্ষার্থীদের দ্রুত সেবা নিশ্চিত করতে শিগগিরই ‘মাইবাউবি’ অ্যাপ চালু করা হবে।
পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার, ওপেন স্কুলের ডিন, সংশ্লিষ্ট কর্মকর্তাসহ দেশের বিভিন্ন আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অংশ নেন।
আজকালের খবর/বিএস