জমকালো আয়োজনের পরিবর্তে পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আনন্দ টিভির চেয়ারম্যানের জন্মদিন উপলক্ষে গাজীপুরে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় গাজীপুর শহরের রাজদিঘীর পাড় এলাকায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল করিম ভূঁইয়া।
উদ্বোধনের পর তিনি নিজ হাতে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন এবং উপস্থিত সবাইকে পরিবেশ রক্ষায় নিয়মিত বৃক্ষরোপণের পাশাপাশি গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।
আনন্দ টিভির গাজীপুর প্রতিনিধি মো. খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক মণ্ডলীর সিনিয়র সদস্য ও দৈনিক দিনকালের সিনিয়র স্টাফ রিপোর্টার মো. দেলোয়ার হোসেন, বিজনেস স্ট্যান্ডারের গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান সাদ, দৈনিক আজকালের খবরের গাজীপুর প্রতিনিধি মাজহারুল ইসলাম (কাঞ্চন), সকালের সময়ের গাজীপুর প্রতিনিধি আবিদ হোসেন বুলবুল, আলোকিত বাংলাদেশের গাজীপুর প্রতিনিধি অধ্যাপক মো. আবুল হোসেন চৌধুরী, বাংলাদেশ সমাচারের স্টাফ রিপোর্টার হাসান আলী, টাইমস অফ টাইমস বাংলাদেশের গাজীপুর প্রতিনিধি আফরোজা দিল, মো. ছানাউল্লাহ ভূঁইয়া, মো. রাজিকুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি, পরিবেশ দূষণ ও প্রাকৃতিক ভারসাম্যহীনতার এ সময়ে বৃক্ষরোপণ শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়, বরং এটি সামাজিক দায়বদ্ধতা। জন্মদিনের মতো ব্যক্তিগত আয়োজনকে জনকল্যাণমূলক কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত করার এ উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে।
আজকালের খবর/বিএস