কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। সোমবার (৬ জুলাই) সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটে উপজেলার ডিগ্রীচর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, অবৈধ অস্ত্রের বিস্তার রোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় উদয়নগর বিওপির একটি বিশেষ টহল দল ডিগ্রীচর এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ দৌলতপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় অস্ত্র, গোলাবারুদ, মাদক ও চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির গোয়েন্দাভিত্তিক অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। দেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আজকালের খবর/কাওছার আল হাবীব