ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন ও কবি আল মাহমুদ গবেষনা কেন্দ্র ও স্মৃতি পরিষদের আয়োজনে আগামী ৯ জুলাই শুরু হচ্ছে তিন দিনব্যাপী কবি আল মাহমুদ স্মরণোৎসব-২০২৬। আগামী ৯ জুলাই সকালে কবির কবর জিয়ারত ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে স্মরণোৎসবের সূচনা হবে। বিকেলে স্থানীয় নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে তিনদিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করা হবে।
এ বছর বাংলা সাহিত্য ও সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের প্রখ্যাত কবি, সাহিত্যিক ও দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই সিকদারকে “সোনালী কাবিন পদক-২০২৬” পদক প্রদান করা হবে।
আগামী ১১ জুলাই তিন দিনব্যাপী কবি আল মাহমুদ স্মরণোৎসব-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে তাঁর হাতে এই পদক তুলে দেয়া হবে।
শনিবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে এই তথ্য জানান কবি আল মাহমুদ গবেষনা কেন্দ্র ও স্মৃতি পরিষদের পরিষদের সভাপতি মোঃ ইব্রাহিম খান সাদাত ও সাধারণ সম্পাদক লিটন হোসাইন জিহাদ।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলা সাহিত্য ও সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই সিকদারকে ‘সোনালী কাবিন পদক-২০২৬’ প্রদান করা হবে। এসময় সংগঠনের অপর উপদেষ্টা এইচ. এম. বাশার উপস্থিত ছিলেন।
প্রেসব্রিফিংয়ে বলা হয়, বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম শক্তিমান কবি আল মাহমুদের সাহিত্য, জীবন ও দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, তার সাহিত্যচর্চাকে আরও বেগবান করা এবং সাহিত্য-সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখাই এ স্মরণোৎসবের মূল উদ্দেশ্য। সেই ধারাবাহিকতায় প্রতিবছরের মতো এবারও বাংলা সাহিত্য ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ‘সোনালী কাবিন পদক’ প্রদান করা হবে।
আগামী ৯ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে সাহিত্য, গবেষণা ও সংস্কৃতিভিত্তিক নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে।
৯ জুলাই বিকেলে স্থানীয় নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে আলোচনা সভা, কবিতা পাঠ, সাহিত্য আড্ডা, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
১০ জুলাই সকালে কবির রচিত স্বরচিত কবিতা পাঠ এবং স্কুল -কলেজ পর্যায়ের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে। বিকেলে ‘গদ্য সাহিত্যে আল মাহমুদ’ এবং রাতে ‘কবিতায় আল মাহমুদ’ শীর্ষক দুটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, গবেষক, সাংবাদিক, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেবেন।
১১ জুলাই বিকেলে কবির রচিত কবিতা পাঠ ও স্কুল পর্যায়ের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।
সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে ‘সোনালী কাবিন পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠান। জেলা প্রশাসক মোঃ আবুসাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন ব্রাহ্মণবাড়িয়া-৩-আসনের সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি কবি আব্দুল হাই সিকদারের হাতে ‘সোনালী কাবিন পদক-২০২৬’ তুলে দেবেন। পরে রাত ৭টায় অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
আজকালের খবর/বিএস